তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলার দোহাজারী বিড়াবাড়ি দ্বি-মুখী দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার মধ্যে দ্বন্দ্ব-দলাদলি, মামলা, পরিচালনা কমিটি না থাকায় শিক্ষক-কর্মচারীরা পাঁচ মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক বদরুল ইসলাম বলেন, পরিচালনা কমিটি গঠনে ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইদ্রিস আলীর মধ্যে দ্বন্দ্ব-দলাদলি মামলা হওয়াসহ নানা জটিলতা দেখা দেওয়ায় বর্তমানে মাদ্রাসার পরিচালনা কমিটি না থাকায় আমরা শিক্ষক-কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না। পবিরার-পরিজন নিয়ে আমাদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। অবসরপ্রাপ্ত সুপার আব্দুর রহমান বলেন, সভাপতি নির্বাচনী সভায় ১০ সদস্যের মধ্যে পাঁচজন অনুপস্থিত থাকায় কমিটি হয়নি। পরে বিধি মোতাবেক অ্যাডহক কমিটি গঠন করে অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে পাঠিয়ে আমি অবসরে এসেছি।
ভারপ্রাপ্ত সুপার মো. আনিছুল ইসলাম জানান, সুপারের দায়িত্ব নিয়ে তিনি বড় বিপাকে পড়েছেন। পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তারা আমার কথাও ঠিকমত শুনছেন না। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী মোবাইল ফোনে জানান, দ্বন্দ্ব-দলাদলির কারণে তিনি কয়েক মাস আগে সেখান থেকে সরে এসেছেন। এখনকার অবস্থা তার খুব একটা জানা নেই।
ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এক অভিভাবক সদস্য অ্যাডহক কমিটির বিরুদ্ধে বোর্ডে অভিযোগসহ উচ্চ আদালতে মামলা করায় কমিটি অনুমোদন না হওয়ায় বেতন-ভাতা বন্ধ রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, দলাদলির কারণে কমিটি হয়নি। মাদ্রাসার যে অ্যাডহক কমিটি গঠন করে বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো ছিল, সেই কমিটির বিরুদ্ধে অভিযোগ করায় অনুমোদন হয়নি। তবে শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রদানের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।
