প্রশ্নগুলো সহজ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৭

ব্রত রায়

 

ডেমোক্রেসির জন্য ভোটের বিকল্প নেই কোনো—

দিনের ভেতর দশ বারোবার এটা তুমি শোনো?

নির্বাচনের আছে আরও একটা ভালো দিক

এই ছড়াটা পড়লে তুমি জানতে পাবে ঠিক!

 

এই যে ধরো দেশটা ভরা সত্, মেধাবী লোকে

ভোট না এলে এটা কারও পড়ত কি আর চোখে?

এটা জেনেও জানি তোমার লাগবে ভালো হেভি

চতুর্পাশে এত আছেন মহত্, সমাজসেবী!

 

কেউ বা ভীষণ ত্যাগী আবার কেউ গরিবের সাথি

জনগণের পাশেই তারা আছেন দিবারাতি!

কেউ দয়ালু, কেউ বা আবার ভীষণ রকম দাতা

কেউ বা তুখোড়, কেউ বিপদে দেশের পরিত্রাতা!

 

কেউ বা আবার ভীষণ রকম শিক্ষা-অনুরাগী

কেউ উচাটন নারীজাতির উন্নয়নের লাগি!

কেউ বা মাদক-ধ্বংসকামী, দুর্নীতি কেউ রোধী

খারাপ কিছু রাখবে দেশে ভোটটা জেতে যদি?

 

কেউ বা আবার বিদ্রোহী খুব, কেউবা স্বাধীনচেতা

কেউ বা আবার সর্বগুণ-সমন্বিত নেতা!

প্রশ্ন হলো যে, দেশটাতে এত মানুষ কৃতি

সেই দেশে ক্যান রাজনীতিতে একটুও নেই প্রীতি?

 

কেন সেখানে আদর্শ আর নীতির পরাজয়?

শহরগুলো বসবাসের অযোগ্য কেন হয়?

সে দেশ কেন দুর্নীতিতে বিশ্বমাঝে সেরা?

কষ্ট দিয়ে তৈরি কেন? ভীতি দিয়ে ঘেরা?

 

সে দেশ পরিপূর্ণ কেন জোচ্চুরি আর ঘুষে?

ইচ্ছেমতো রসটুকু তার নিচ্ছে কারা শুষে?

মৃত্যু কেন সুলভ এত বলুন তো সেই দেশে?

দলান্ধতা এত কেন? সবকিছু একপেশে?

 

যখন তখন একনায়কের দেখছি কেন হানা?

প্রশ্নগুলো সহজ এবং উত্তরও তো জানা!