দেশ-বিদেশে ইমরানের ছবি

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২২

>> শওকত আলী

 

মোগল ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ, লালচে রং করা প্রবেশপথ, এর ভেতরে রয়েছে সমতল খালি জায়গা, এরপরই মূল মসজিদের স্থাপনাটি অবস্থিত। প্রবেশ পথ ধরে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে একটি ছোট্ট শিশু। সেই দৃশ্য ধারণ করেন আলোকচিত্রী ইমরান হোসাইন। সমপ্রতি ‘এসো শান্তির পথে’ শিরোনামের এই ছবিটি জার্মানের আইজিএমজি (ইসলামিক কমিউনিটি মিলিগ্যারি) আয়োজিত রমজান আলোকচিত্র প্রতিযোগিতায় ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’-এ মনোনীত হয়েছে। এছাড়া স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের আয়োজনে রুচি বিউটিগ্রাম সিজন থ্রি-তে হেরিটেজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে ছবিটি।  গত ১২ জুন রাজধানীর ‘গ্যালারি চিত্রক’-এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয় আলোকচিত্রীর হাতে।

ছবিটি নিয়ে ইমরান হোসাইন বলেন, ‘বাংলাদেশে মোগল আমলের অনেক প্রাচীন মসজিদ ও সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে, উইকিপিডিয়া থেকে এটির কথা জানতে পারি। ট্রাভেল ফটোগ্রাফার হিসেবে ইচ্ছে জাগে মসজিদটির ছবি তুলব। চট্টগ্রাম থেকে ফেনী যাই; বাস থেকে নেমে সিএনজি করে শর্শীদি বাজার, সেখান থেকে অল্প দূরেই মসজিদ। হাঁটতে হাঁটতে চলে আসি মসজিদ এলাকায় এবং একজনরে পুরো এরিয়াটা ঘুরে দেখি।  লালচে রঙের অপূর্ব নির্মাণশৈলী। পূর্বদিকের দেয়ালে একটি বড় প্রবেশপথ। এই পথ ধরে ঢুকতেই দেখি একটি ছোট্ট ছেলে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দৃশ্যটি ক্যামেরাবন্ধী করি। তারপর মসজিদের ভিতরের আরো অনেক ছবি তুলি এবং জোহরের নামাজ আদায় করি। ঘোরাঘুরি শেষে রাতে বাসায় ফিরে যখন সবগুলো ছবি দেখছিলাম, তখন আমার মনে হয়েছিল এই ছবিটাই সেদিনের বেস্ট ছবি। দেশে ও বিদেশে একসঙ্গে দুটো পুরস্কার অর্জন করেছে ছবিটি। এটা আমার ফটোগ্রাফি ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।’

২০১৬ সালে থেকে শুরু করা ফটোগ্রাফি ক্যারিয়ারে ইতিমধ্যে ইমরান হোসাইন অর্জন করেছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এসবের মধ্যে ‘সিল্ক রোড ইয়ুথ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন-২০১৮, লন্ডন স্ট্রিট ফটোগ্রাফি ফেস্টিভ্যাল-২০১৯, ইকেই ফটো কনটেস্ট-২০২০, ইনস্কো ইয়ুথ আই সিল্ক রোডস ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯-২০ বিশেষভাবে উল্লেখযোগ্য।