দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার কারাদণ্ড

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫৩

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ আদালত। রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় সাংবিধানিক আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেছে।—বিবিসি

প্রেসিডেন্ট থাকাকালীন জুমা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সে সময় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অপরাধে তদন্ত শুরু হয়। আর তদন্তে সহযোগিতার জন্য তাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দেন তিনি। এছাড়া আদালতের নির্দেশ অমান্য করে আর হাজিরা দেননি সাবেক এই ক্ষমতাধর প্রেসিডেন্ট। অভিযোগ তদন্তে বিচারপতি রে জোন্ডোর নেতৃত্বে গঠিত কমিশন জুমাকে আদালতে হাজির করতে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ চায়। আদালত বলেছে, পাঁচ দিনের মধ্যে জুমা আত্মসমর্পণ না করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জুমাকে গ্রেফতারের আদেশ দিতে হবে। তবে তাকে গ্রেফতার করা হবে কি না, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার প্রশাসন এবং নিজেও দুর্নীতিতে জড়িয়েছিলেন। তার বিরুদ্ধে দেশটির নাগরিকদের মধ্যে অসন্তোষের দানা বাঁধলে আন্দোলন শুরু হয়। পরে বিক্ষোভের মুখেই পদত্যাগ করতে বাধ্য হন জ্যাকব জুমা।