ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্প নগরী। গ্যাস, বিদ্যুত্ সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে এখানে। সে সাথে চোর, ছিনতাইকারীর উপদ্রব চলছে। রাস্তাঘাট ও ড্রেন ভাঙাচোরা। এসব কারণে শিল্পের উত্পাদিত পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা যাচ্ছে না।
শিল্প প্রতিষ্ঠানের উত্পাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে। সহসাই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। ’৯০-এর দশকে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠিত হয়। শহরতলীর নন্দনপুরে অন্তত ২২ একর জায়গা নিয়ে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। এ্যালুমিনিয়াম, সোডিয়াম সিলিকেটসহ তেল, ময়দা ও বিস্কিট মিলসহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে। এ শিল্প নগরীর ১৩২টি প্লট ৭২জনকে দেওয়া হয় শিল্প-কারখানার জন্য। বর্তমানে ৭২টি শিল্প-কারখানা রয়েছে। উত্পাদনে আছে ৬০টি কারখানা। গ্যাস সংকট, মূলধনসহ বিভিন্ন কারণে ১২টি কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। শিল্প নগরীর অভ্যন্তরের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন যাবত্ এগুলোর সংস্কার নেই। পাশাপাশি রয়েছে চোরের উত্পাত। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীর মহা-ব্যবস্থাপক আব্দুল অদুদ মিয়া জানিয়েছেন অচিরেই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
