ইত্তেফাক রিপোর্ট
চূড়ান্ত অনুমোদনের আগে আবারও তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন অনুমোদন পেয়েছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ। এর আগে তিন মাসের জন্য যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হচ্ছে আজ ৩০ জুন। এর আগেই গতকাল বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের নগদকে আপাতত কাজ চালানোর জন্য সাময়িক অনুমোদন দিল। এই সময়সীমার ভেতর অপারেটরটিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, ডাক বিভাগের আবেদন বিচার-বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক তাদের আরো তিন মাস সময় দিয়েছে। এর মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর তারা চূড়ান্ত অনুমোদন পাবে।
নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ বিষয়ে বলেন, করোনার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুসারে সব দাপ্তরিক কাজ শেষ করতে পারেনি। তার পরও জনগণের সেবা যেন ব্যাহত না হয়, সে কারণে আরো তিন মাস অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদ-কে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। সে কারণে নগদ-এর সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে আবেদন করেছিল ডাক অধিদপ্তর।
