বেরোবিতে সাংবাদিক মারধরে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি
বেরোবি সংবাদদাতা দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমীন হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সৌম্য সরকারকে মারধরের ঘটনায় জাড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ব্যানারে ক্যাম্পাসের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফজুল ইসলাম বকুলের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান, রিপোর্টার্স ক্লাব, রংপুরের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোবাশ্বের আহমেদ, সদস্য জাকির হোসেন রুম্মন প্রমুখ।
পটুয়াখালী শহরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত
পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী শহরের সেন্টারপাড়া এলাকায় কালিবাড়ি সড়কে গতকাল রবিবার ভোররাতে এক অগ্নিকাণ্ডে তিনটি টেইলার্সের দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় লোকজন জানান, ভোররাত ৪টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীতে আসা লঞ্চযাত্রীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুনে সান টেইলার্স, চয়েজ টেইলার্স ও নন্দিনী টেইলার্স পাশাপাশি এই তিনটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও দোকানঘরসহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদহানি হয়েছে ।
ফুলবাড়ীতে ইমিগ্রেশন চেক পোস্ট স্থাপনের দাবি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেক পোষ্ট স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। চেক পোস্ট স্থাপন হলে ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম সদরের দশ লাখ মানুষের ভারতের সঙ্গে সহজ যোগাযোগ, চিকিত্সা সেবা ও ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। বর্তমানে এ অঞ্চলের মানুষের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে অতিরিক্ত প্রায় ২০০ কিলোমিটার পথ ঘুরে ভারতে যাতায়াত করতে হয়। কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদসহ এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেক পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জুম্মারপাড় সীমান্তে ইমিগ্রেশন চেক পোস্ট স্থাপন। তিনি আরও জানান, ইতোমধ্যেই নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে ইমিগ্রেশন চেক পোস্ট স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছি। আশা করি, এই সরকারের আমলেই জুম্মারপাড়ে ইমিগ্রেশন চেক পোস্ট দেখতে পাবো।
সাতক্ষীরায় আট মাদক ব্যবসায়ীসহ আটক ৫৫
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আট মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে আটক করা হয়। গত শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে পাঁচজন, তালা থানা থেকে পাঁচজন, কালিগঞ্জ থানা থেকে ছয়জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে আটজন, দেবহাটা থানা থেকে চারজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে আটক করা হয়।
