গাজীপুর প্রতিনিধি
বেআইনিভাবে বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও দমননীতির প্রতিবাদে মহানগরীর বড়বাড়ি এলাকায় অবস্থিত ন্যাশনাল কেমিক্যালস ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল শতাধিক শ্রমিক লাল পতাকা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
শ্রমিকেরা জানান, গত ২০ এপ্রিল থেকে পূর্বঘোষণা ছাড়াই হঠাত্ করে ঐ কারখানা বন্ধ করে দেওয়া হয়। গত এপ্রিল মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। কিছুদিন আগে ১২ জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কারখানার শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে মো. মাহফুজুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. আব্দুল্লাহ, আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
