বার্সার ডিফেন্ডার কিনে নিলো লিডস

আপডেট : ২৯ জুন ২০২১, ২২:১৯

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড চলমান গ্রীষ্মকালীন দলবদলের ১ম চুক্তি করলো। বার্সেলোনার ডিফেন্ডার জুনিয়র ফিরপোকে কিনে নিয়েছে তারা। 

১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দু’দল সম্মত হয়েছে বলে জানা গেছে। 

প্রিমিয়ার লিগ ও সিরিআর কয়েকটি ক্লাব ফিরপোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিলো। তবে সবাইকে হারিয়ে লিডস কিনে নিল তাকে।

চলতি মৌসুমে এ নিয়ে ৩জন ফুটবলারকে বিক্রি করলো বার্সেলোনা। আগের দু’জন ক্লেয়ার তোদিবো ও ম্যাথিউজ ফার্নান্দেজ। 

করোনার প্রভাবে গেল মৌসুমে আর্থিক সংকটে পড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সা। চলতি বছরের শুরুতে তাদের ঋণের পরিমান দাঁড়ায় ১ বিলিয়ন ইউরো। ফলে বেতন কমানো প্রয়োজন তাদের। প্রয়োজন ক্যাশ টাকার। তাই তো আরো বেশ কয়েকজন ফুটবলারকে এই মৌসুমে ছেড়ে দিতে চায় তারা। 

তবে ফিরপোর পুরো টাকাটা কাতালানরা পাচ্ছে না। জানা গেছে, তার সাবেক ক্লাব রিয়াল বেতিস পাবে ট্রান্সফার ফি’র ১৫ শতাংশ টাকা। 

গেল কয়েক মাসে জুনিয়র ফিরপোর সঙ্গে যোগাযোগ করেছে ওয়েস্ট হ্যাম, সাউদাম্পটন, ইন্টার মিলান ও এসি মিলান। তবে তিনি বেছে নিয়েছেন লিডস ইউনাইটেডকে। এর কারণ মূলত লিডস কোচ মার্সেলো বিয়েলসার আগ্রহ। ফিরপোর জন্য তিনি অনুরোধ করেন এবং আগামী মৌসুমের পরিকল্পনায় তাকে সেরা একাদশেই রাখার কথা জানান। 
 


২০১৯ সালে যোগ দেয়ার পর থেকে বার্সেলোনায় কখনোই ডিফেন্সের সেরা পছন্দ ছিলেন না ফিরপো। তার পরিবর্তে অভিজ্ঞ জর্ডি আলবাকেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছে কাতালানরা। ২ মৌসুম মিলিয়ে বার্সার হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন ফিরপো। এরমধ্যে ২২টি ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। তবে রোনাল্ড কোম্যান বার্সার কোচ হওয়ার পর তার খেলার সুযোগ আরো সীমিত হয়ে যায়। গেল মৌসুমে কোম্যান দায়িত্ব নেয়ার পর থেকে মাত্র ৭টি ম্যাচ খেলার সুযোগ পান ফিরপো। তাই তো নিয়মিত খেলতে লিডসকে বেছে নিয়েছেন তিনি। 

ইত্তেফাক/এএএন