সৈয়দ আশরাফ তরুণ প্রজন্মের জন্য আদর্শ:দীপু মনি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করতে সৈয়দ আশরাফ ভাইয়ের ভূমিকা ছিল অতুলনীয়। তৃণমূলের সাথে কীভাবে সুসম্পর্ক বজায় রেখে দল চাঙ্গা রাখতে হয় তা তিনিই দেখিয়ে গেছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি উত্তম আদর্শ। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি আরো সংকটে পড়বে।

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ রিয়াজউদ্দিন রিয়াজের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেড আর ওয়াদুদ টিপু, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।