ইত্তেফাক রিপোর্ট
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দুর্নীতি যে পর্যায়েই হোক না কেন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। আমরা আগে রোগ নির্ণয়ের চেষ্টা করছি। দুর্নীতি বন্ধের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমার দায়িত্ব এখনো একমাসও হয়নি। আমি ৬টি নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। আসলে মানবতার সেবা করাই মন্ত্রণালয়ের মূল কাজ।
গতকাল রবিবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে উপমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট সাংবাদিক ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহসীন আশরাফ।
তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সরকারিভাবে দুটি গাড়ি পেলেও তিনি একটিও বাসায় নেননি। কর্মদিবসগুলোতে কেবল পিক অ্যান্ড ড্রপে (কর্মস্থলে আসা-যাওয়া) ব্যবহার করেন। এমনকি ছুটির দিন শুক্র ও শনিবার সরকারি গাড়ি তিনি ব্যবহারই করেন না বলে জানান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের ভাই-বন্ধু। যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, আমরা আশা করছি সব রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের না যাওয়া প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসৌজন্যমূলক আচরণ করা বিএনপির একটি স্বভাব। তিস্তার পানি চুক্তি বিষয়ে তিনি বলেন, তিস্তা চুক্তির বিষয়টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এ চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হবে।
