মিতুর সন্তানদের মাগুরায় জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:৫৬

চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত গৃহবধূ মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার দুই সন্তানকে শিশু আইন অনুসরণ করে মাগুরায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন আদালত। 

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা বেগমের আদালত বুধবার এ আদেশ দেন। আবেদনকারীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ১৩ জুন এক আদেশে মিতু ও বাবুল দম্পতির দুই সন্তানকে ১৫ দিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছিলেন আদালত। তবে করোনাকালীন এই নির্দেশনা প্রতিপালন করা বেশ কঠিন। তাই মিতুর স্বামী বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান মাগুরায় গিয়ে বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন। গত সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা বেগম এ বিষয়ে আংশিক শুনানি শেষে বুধবার আদেশ প্রদানের দিন ধার্য করেন। 

বাবুল আক্তারের সন্তানদের আদালতে হাজির করার নির্দেশ 

আদেশে আদালত শিশু আইনে নির্দেশিত বিধান মোতাবেক তদন্তকারী কর্মকর্তাকে মাগুরাতে গিয়ে সমাজকল্যাণ কর্মকর্তার উপস্থিতিতে দুই শিশুকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করতে হবে সমাজকল্যাণ কর্মকর্তার কার্যালয়ে। সেখানে সম্ভব না হলে নিকটস্থ থানায় জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। 


২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন গৃহবধূ মাহমুদা খানম মিতু। এই ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

মিতু হত্যাকাণ্ড: নতুন মামলায় দুই আসামি গ্রেফতার

দীর্ঘ তদন্ত শেষে গত ১২ মে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। একইদিন মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা নতুন একটি হত্যা মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি