সুবিধাবঞ্চিত সিপিএফভুক্ত ব্যাংক কর্মচারীদের আবেদন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

সোনালী ব্যাংকের সিপিএফভুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ ব্যাংক থেকে অবসর গ্রহণের পর কোনো রকম সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ একই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী যাঁরা পেনশনভুক্ত তাঁরা অবসর নিয়ে সরকারের প্রদেয় বহুবিধ সুবিধা ভোগ করছেন। যেমন পেনশনের হার বৃদ্ধি, পেনশনের উভয় দিক বিক্রি করলেও মেডিক্যালভাতা, বোনাস, বৈশাখীভাতা ও জাতীয় স্কেলের সকল সুবিধা। তাছাড়া সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনে পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ যাঁরা অবসরকালে গ্র্যাচুয়িটি ও পেনশন দুই-ই বিক্রি করেছেন তাঁদের অবসরের বয়স ১৫ বছর হলেই পুনরায় অবসরভাতা পাচ্ছেন। কিন্তু একই ব্যাংকে যাঁরা চাকরিতে ঢুকেই সিপিএফভুক্ত ছিলেন এবং সিপিএফ-এর নিয়ম মতো অবসর নিয়েছেন, তাঁরা সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায়, তাঁরাও যাতে সরকারের প্রদেয় সকল সুবিধা ভোগ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

সুনীল কুমার পাল

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা (সিপিএফভুক্ত),

উল্লাপাড়া, সিরাজগঞ্জ