মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:০০

বিমল গুহ

 

মৃত্যু এসে একদিন শুয়েছিলো পাশে

জীবনের মিথ্যে আশ্বাসে;

ফ্ুঁ দিয়ে যেমন কুপিবাতি— কী সহজে

নিবিয়েছি কিশোর বয়সে

              কৌতুকের মহাঘোরে মজে; 

মৃত্যুও কি তেমনি সেই কৈশোরের দিন

   রঙ্গরসিকতা করে

    ফুঁ দিয়ে নেভাতে চায় আয়ু?

করোনার ভান বুঝে সযত্নে আঁকড়ে পরমায়ু

নিজের সঙ্গে নিজে যুক্তিযুদ্ধ করি;

           যদিওবা দ্বিধাগ্রস্থ ভীত

মৃত্যুর ডাক শুনে হয়েছি স্তম্ভিত!

তখন বুঝেছি নিজে— মুক্তচিতে

মৃত্যুকে আসকারা দিলে

কোমল মনের দেহলিতে

নিতে পারে ঠাঁই—

তাই

দৃঢ় মনোরথে

মনকে সান্ত্বনা দেই

শক্ত করি প্রাণ,

মৃত্যু সে মুহূর্ত-বায়ু বলেছে বিজ্ঞান।

 

তবুও মানে না মন, ভাবি— কত কী যে

মৃত্যুতেই বস্তুর আদি-রূপান্তর

                          দেহ থেকে বীজে?