আরিফ মঈনুদ্দীন
আমার বাক্রুদ্ধ প্রায়, অবাক হওয়ার ভাষাও হারিয়ে ফেলেছি—
আঁতিপাঁতি খুঁজতে খুঁজতে কোন ফুরসতে
মাথায় এসে বসে আছো তুমি
আমার সাষ্টাঙ্গ প্রণাম— ভক্তি-শ্রদ্ধা-ভালোবাসা
আর যত আছে বিনয় বিহ্বলতা
সবকিছু প্রবালের মতন গাঁটছড়া বেঁধে আগলে ধরে আছে
তোমার উপস্থিতি
আমি দশদিকের যেদিকেই তাকাই সর্বত্র তুমি
আমার ভেতরেও তুমি আমার বাইরেও তুমি
আমি কোন দিকে যাবো তাও তুমি জানো
তোমার জানার বাইরে আমি যাবো— এ শুধু বোকার স্বর্গে বাস।
আমাকে স্তব্ধ করেছে এই জানা-অজানার আলো-অন্ধকার
ভালোমন্দ প্রাজ্ঞতা-অজ্ঞতা
কালো অন্ধকারের ছায়া আমাকে যেন স্পর্শ না করে
এই প্রত্যাশার প্রতি বিনম্র থেকে
আমি দৃষ্টি নিক্ষেপ করি তোমার ওপর—
আমার দৃষ্টিতে ফিরে আসে আলো— স্ফটিকের ওপর
থেকে ঠিকরে আসার মতো
আমাকে বিদ্ধ করে আলোর তীর
এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে গেছে হূদয় কন্দরে শিরায় উপশিরায়—
রক্তের প্রতিটি কণিকায়
এই আলো নিয়েই পথ চলছি আমি, আমার আর ভয় নেই
তুমি আছো মাথার ভেতর
শুদ্ধ পবিত্র আমি সেই সুবাদেই।
