জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাপা কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে গৃহপালিত বিরোধী দল হতে যাবে না। সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাপা প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালীর লেখা ‘রক্তাক্ত আরাকান’ বইটির মোড়ক উন্মোচন করেন জিএম কাদের।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংসদে সদস্য সংখ্যা কোনো বিষয় নয়, আমরা কতটা ভূমিকা রাখতে পারব সেটাই বড় কথা। বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবে না, শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলের ভূমিকা রেখেই জাপা সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাপা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
