বৃষ্টিভেজা দুপুর

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:১০

মোশতাক আহমেদ

 

অঝোর ধারায় ঝুমুর তালে ঝরছে বাদলধারা

ইচ্ছে আমার টগবগিয়ে ছুটছে বাঁধনহারা

মাঠের পাড়ে বিলের ধারে ঝাউতলা বটতলা

মনটা আমার ভিজে ভিজে আঁকলো চারুকলা।

 

নেই কোলাহল হৈ হল্লা পাখির ডাকাডাকি

হলদে হাঁসের ছানাগুলো কাদায় মাখামাখি

মুরগিগুলো দাওয়ায় উঠে জটলা বেঁধে ঘুমোয়

জলডাহুকি কচুবনে ব্যাঙের ছাতা চুমোয়।

 

বৃষ্টি যেন আকাশ ভেঙে নামছে অনর্গল

নদীনালা পুকুর জলা ভাসছে জলমহল

হাওড় বাওর জলে ভরা নেই তো কূল ও কিনার

বৃষ্টি ভিজে দাঁড়িয়ে আছে মসজিদের ওই মিনার।

 

জানলা খুলে পর্দা তুলে বৃষ্টি দেখি খুব

মন কেড়ে নেয় কদমফুলের কেশর অপরূপ

শোলের পোনা কাঁচা সোনা খেলছে টাপুর টুপুর

আষাঢ় মাসের দিনটা মজার বৃষ্টিভেজা দুপুর।