বিশেষ প্রতিনিধি
দেশবাসীকে লকডাউন বিধিনিষেধ মেনে চলার বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে দলের নেতাকর্মীদের খেটে খাওয়া মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। গতকাল মিন্টো রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ ও আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী, সংক্রামক এবং লকডাউন বিধিনিষেধের ব্যত্যয় হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকার এই লকডাউন কখনো প্রলম্বিত করতে চায় না। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এ ব্যবস্থা নিতে হয়েছে। দীর্ঘদিন লকডাউন সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন, তাহলে আমাদের পক্ষে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতা মৃত্যুবরণ করেছেন, অনেক নেতা আক্রান্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ১২৫ জনেরও বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে এবং দলের ৭০০ থেকে ৮০০ নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই জন নির্বাহী সদস্যের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব কয়েক দিন আগে ‘পলায়ন’ সম্পর্কে একটি কথা বলেছিলেন। এখন বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সবাই আস্তে আস্তে পালাচ্ছে। বিএনপি যে পলায়নপর তার প্রমাণ হচ্ছে এই দুই জনের পদত্যাগ।’
