জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের পঞ্চম উপজেলা পরিষদের পাঁচ ধাপের ভোটের দিন ঘোষণার পাশাপাশি প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রার্থী হতে বর্তমান পদ ছাড়তে হবে। গতকাল রবিবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি কার্যালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এসব তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্য চার কমিশনারসহ ইসি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সচিব জানান, প্রথম ধাপে দেশের চার বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় ভোট হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আইনানুযায়ী এই নির্বাচনের তিনটি পদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। তবে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বড় একটি অংশ এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক করার কৌশল হিসেবে শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দের কথা জানিয়েছে। ভাইস চেয়ারম্যানের দুটি পদে তারা কোনো প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিচ্ছে না। সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান পদ দুটিতে আওয়ামী লীগ প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকে অংশ নিতে হবে।
ইসি সচিব জানান, প্রথাম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবকটি উপজেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুরের সবকটি উপজেলা ও নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা ছাড়া সবকয়টি উপজেলা, সিলেট বিভাগের জগন্নাথপুর ছাড়া সুনামগঞ্জের সবকয়টি উপজেলা, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে হবিগঞ্জের সবকয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জের ভোট হবে পঞ্চম ধাপে। সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা পরিষদের মেয়াদ আরও দুই বছর বাকী রয়েছে বলেও জানান ইসি সচিব।
তিনি আরও জানান, প্রথম ধাপে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ব্যতীত সবকয়টি উপজেলা, নাটোরের নলডাঙ্গা উপজেলা ব্যতীত সবকয়টি উপজেলায় এবং জয়পুরহাট ও রাজশাহীর সবকয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, অন্য চার ধাপের কোন ধাপে কোন উপজেলার ভোট হবে ইসির পক্ষ থেকে তা পরবর্তীতে জানানো হবে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, যে কোনো স্থানীয় সরকার কর্তৃপক্ষের ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান তবে তাকে পদ ছাড়তে হবে। এসময় ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, উপজেলা নির্বাচন আইনে স্পষ্টভাবে বলা আছে, প্রজাতন্ত্রের লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সর্বশেষ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের কিছু নির্দেশনা রয়েছে সেগুলো বিশ্লেষণ করে রিটার্নিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ লাভজনক কি-না। লাভজনক পদ হলে অবশ্যই পদত্যাগ করতে হবে।
এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, উপজেলা আইনের ৮(২) ধারা মতে, জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হন বা থাকেন তাহলে তিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদে কোনোটিতেই প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ইসি আশা করছে নিবন্ধিত সব রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশ নিবে। কারণ তাদের রাজনৈতিক মেনিফেস্টো বাস্তবায়ন করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই। এসময় সব দলকে তিনি নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান।
সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ
একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৬ ফেব্রুয়ারি শনিবার। ভোটের দিন ধার্য করা হয়েছে ৪ মার্চ। সাধারণত এই নির্বাচনে ভোটারের সমর্থনেই সংরক্ষিত পদের প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোটাভুটি হয় না। তাই ভোট না হলে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারিতে নির্ধারণ হবে সংরক্ষিত আসনে কারা এমপি নির্বাচিত হচ্ছেন। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয়রা শপথ না নেওয়ায় ৪৯টি নারী আসনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
বিদ্যমান আইনানুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত এমপিরা এই নির্বাচনে ভোটার হন। আনুপাতিক প্রতিনিধিত্ব অনুযায়ী এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি-জাপা চারটি, বিএনপি একটি ও ওয়ার্কার্স পার্টি, স্বতন্ত্রসহ অন্য প্রার্থীরা ২টি আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন।
