সারা দেশে কঠোর লকডাউন চলছে

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৪৪

সক্রিয় ভ্রাম্যমাণ আদালত

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘লকডাউন বাস্তবায়নে সিলেট মহানগরী এলাকাসহ ১৩ উপজেলায় জেলা প্রশাসনের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

ইত্তেফাক ডেস্ক

করোনা সংক্রমণ রোধে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। প্রথম দিন বৃহস্পতিবার সড়কগুলো ফাঁকা দেখা যায়। যানবাহন চলাচল বন্ধ ছিল। যেসব স্থানে মানুষের চলাচল ছিল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সিলেট :নগরীর রাস্তা-ঘাট ফাঁকা। মাঝেমধ্যে রিকশা চলাচল করলেও যন্ত্রচালিত যান চলাচল বন্ধ ছিল। নগরীর বিভিন্ন সড়কে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘লকডাউন বাস্তবায়নে সিলেট মহানগরী এলাকাসহ ১৩ উপজেলায় জেলা প্রশাসনের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

ময়মনসিংহ :নগরীর বিভিন্ন মোড়ে বের হওয়া ব্যক্তিগত যানবাহন থামিয়ে জরিমানার পাশাপাশি কারণ দর্শানো হয়েছে। সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে জেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ প্লাটুন সেনাবাহিনী, দুই প্লাটুন বিজিবি ছাড়াও পুলিশ, আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল দেখা যায়। নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

নরসিংদী : প্রথম দিনে বৃহস্পতিবার নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় লকডাউন বাস্তবায়নে আট জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ফোর্স নিয়ে জেলার ছয়টি উপজেলায় সকাল থেকে টহল দেওয়া শুরু করেছে।

রাঙ্গামাটি : লকডাউন কার্যকর করতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। জেলা প্রশাসনের সঙ্গে শহরে সেনাবাহিনীর টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিজিবি ও পুলিশ। অন্যদিকে, শহরে ওষুধ ও হোটেল দোকান ছাড়া অন্যসব দোকান ও শপিংমল বন্ধ রয়েছে।

মাগুরা : লকডাউনের কারণে শহরের প্রবেশ পথে ঢাকা রোড ও ভায়নার মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লার প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সমস্ত দোকান, মার্কেট, গণপরিবহন বন্ধ রয়েছে। চলছে না কোনো যানবাহন।

পঞ্চগড় : প্রথম দিনে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে যৌথবাহিনী। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ বাজার মনিটরিং করেন।

সিরাজগঞ্জ :লকডাউনের প্রথম দিনে কোথাও জনসমাগম ও দোকানপাট খোলা ছিল না। এদিকে সিরাজগঞ্জ শহরের প্রবেশের ৯টি মুখ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।  সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এ তথ্য জানান।

নেত্রকোনা : পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে। যানবাহন চলাচল এবং বাণিজ্যকেন্দ্রগুলো বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। চলতে দেওয়া হচ্ছে না যানবাহন। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, লকডাউন যাতে জনসাধারণ মেনে চলেন সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নীলফামারী : প্রথম দিন নীলফামারীতে অনেকটাই ঢিলেঢালাভাবে চলেছে লকডাউন। এদিকে সকাল ১১টার দিকে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অতিরিক্ত পুলিশ সুপার লিজা আখতারের নেতৃত্বে জেলা পুলিশ ও বিজিবির মহড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোলা (দক্ষিণ) :দ্বীপজেলা ভোলায় করোনা সংক্রামণ প্রতিরোধে লকডাউনের প্রথম দিন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে মাঠে নামে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট দিয়ে নদীপথে ভোলায় প্রবেশ করে। দুপুর ১টা পর্যন্ত দুই জনকে আটকসহ ২৩ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : ভারী বৃষ্টির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের প্রথম দিন শুরু হয়েছে। গণপরিবহনসহ রেল চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ২৭টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে।

নাটোর : বৃহস্পতিবার সকাল থেকেই সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের টিমগুলো গণপরিবহন ও মানুষের চলাচলে কঠিনভাবে হস্তক্ষেপ করায় রাস্তায় ছিল না অতিরিক্ত যানবাহনের চাপ। মানুষের চলাচলও কম ছিল। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন জানান, ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সেনাবাহিনীর তিনটি টিম নাটোরে চলমান লকডাউনে মাঠে রয়েছে।

নওগাঁ : সকাল থেকে জেলা শহরের লকডাউনের আওতাভুক্ত সব দোকানপাট ও যন্ত্রচালিত যানবাহন বন্ধ রয়েছে। জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, লকডাউন বাস্তবায়নে নওগাঁ সদরসহ ১১টি উপজেলায় সেনাবাহিনীর পাঁচটি, বিজিবির আটটি টিম মোতায়েন আছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৪টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এছাড়া লক্ষ্মীপুরের রামগতি, জামালপুরের সরিষাবাড়ী, ভোলার মনপুরা, নোয়াখালীর হাতিয়া, নওগাঁর রাণীনগর ও বদলগাছী, পাবনার চাটমোহর ও সুজানগর, কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী, যশোরের বেনাপোল, ঝালকাঠির কাঠালিয়া, বরিশালের বাকেরগঞ্জ, পিরোজপুরের স্বরূপকাঠিতে কঠোর লকডাউন পালনের লক্ষ্যে মাঠে প্রশাসন কাজ করছে।