ভুল প্রশ্নপত্রের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে ------------------শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বলেছেন, কেন্দ্র সচিব বা কেন্দ্র পরিদর্শকসহ সংশিষ্টদের ভুলে অনিয়মিতদের সিলেবাসে কয়েকটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদের খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে। গতকাল ররিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

চুন্নু তার প্রশ্নে ১০টি জেলায় এসএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্রে অনিয়মিতদের সিলেবাসে নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রসঙ্গ তুলে বলেন, এসব কেন্দ্রের  কয়েকশ নিয়মিত ছাত্রকে পুরনো সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছে। ওই সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য তারা প্রস্তুতি নেয়নি। ঘটনায় কয়েকজন কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে, এতে সমস্যার সমাধান হবে না। এতগুলো জায়গায় এই ভুলটা কেন হলো, এজন্য কে দায়ী আর এই  ছেলেমেয়েদের ভবিষ্যত্ কী হবে? সারাদেশের মানুষ এটি জানার জন্য অপেক্ষায় আছেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। শনিবার থেকে সারাদেশে যে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে, তাতে কিছু জেলার কয়েকটি কেন্দ্রে এই সমস্যাটি হয়েছে। যেটি হয়, পরীক্ষায় অনিয়মিত কিছু পরীক্ষার্থী থাকে। তাদের প্রশ্নপত্র তাদের সময়কার সিলেবাসে করা হয়। যারা নিয়মিত তাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়। নিয়মিত ও অনিয়মিতদের প্রশ্নপত্র আলাদাই যায়। নির্দেশনা থাকে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা ভিন্ন জায়গায় বসবে। যাতে সহজে তাদের মাঝে প্রশ্নপত্র সরবরাহ করা যায়। যেসব কেন্দ্রে এই সমস্যাটা হয়েছে সেখানকার কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে। ওইসব কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যারা অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা আলাদভাবে মূল্যায়ন করা হবে- মন্ত্রীর এই বক্তব্যে আপত্তি জানিয়ে জাপার ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নে বলেন, ভুল প্রশ্নপত্র দেওয়ায় ওইসব নিয়মিত শিক্ষার্থীরা খাতায় কিছুই লিখলো না, তাহলে সেই খাতাগুলো কীভাবে মূল্যায়ন করা হবে? মন্ত্রী বললেন এমনভাবে তাদের খাতা মূল্যায়ন করা হবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হন। এই ধরনের কথা নৈতিকতাবিরোধী। বরং অন্য একদিন সঠিক প্রশ্নপত্রে তাদের পরীক্ষা নেওয়া যেতে পারে।