দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গত শনি ও রবিবার এসব দুর্ঘটনা ঘটে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া চেয়ার কোচের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার ভাইয়ার দীঘির পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাতকানিয়ার পুরানগড়ের মুন্সি মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও একই এলাকার ইসহাক মিয়ার ছেলে মাইক্রোচালক সাকিব (২২), লোহাগাড়া উপজেলার পদুয়ার হাফেজ মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৫০), বান্দরবানের বালুঘাটার নাজিম উদ্দিন (১৬)।দোহার-নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মাটি ভর্তি মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় শাওন হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল উপজেলার ফুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শাওন ফুলতলা ঢালারপাড়ের মাঈনদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র ছিল।
কুমিল্লা: কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৬৫) ও রিয়াদ হোসেন (১৮) নামে অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ওই উপজেলার শাকচাইল গ্রামের ও রিয়াদ বাউফুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরে মায়ের সামনেই খোয়া বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ মিরাজ খান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সফিপুর পাইকপাড়া আঞ্চলিক সড়কের বড়ইবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরাজ উপজেলার বড়ইবাড়ী গ্রামের মোঃ জিতু খানের ছেলে।
মাদারীপুর: ফরিদপুর মহাসড়কের মস্তফাপুর নামক স্থানে গতকাল গুরুদেব সরকার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি রাজৈর উপজেলার আমগ্রামে। গুরুদেব মাদারীপুর জেলা সদর থেকে আমগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মস্তফাপুর পল্লীবিদ্যুত্ সমিতির সামনের সড়কে পৌঁছলে পিছন থেকে একটি ইটভর্তি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুদেবের মৃত্যু হয়।
গৌরনদী (বরিশাল): শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার নবীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্যারেজের মেকানিক আকতার হোসেন শিকদার (২০) নিহত হয়েছে। এ সময় সৌদী প্রবাসী শাহাবুদ্দিন সরদার গুরুতর আহত হয়েছেন। আকতার পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কয়ারিয়া মধ্যচর গ্রামের লাল মিয়া শিকদারের ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজির চাপায় হূদয় হোসেন (১৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। সে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী সিকদারপাড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রামের বুড়িমারী সড়কে জমি চাষাবাদের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চাঁন মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়ার।
