সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। তাকে নিয়ে বিতর্ক আছে। কিন্তু ইতিহাস তাকে ভুলতে পারবে না। ৯/১১-এর পর আফগানিস্তান অভিযান এবং পরবর্তীকালে ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে লড়াইয়ের মূল রূপকার তিনি। বুধবার জীবনাবসান হয়েছে রামসফেল্ডের। তার পরিবারের তরফে একটি টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর আলজাজিরা ও ডয়চেভেলের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে অধিকাংশ সময় মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন এই রামসফেল্ড। মার্কিন সৈন্যরা ইরাকের রাজধানী বাগদাদ দখলে নেওয়ার পর যে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে, তা পুরোপুরি অস্বীকার করে রামসফেল্ড ব্যাপক হঠকারী হিসেবে পরিচিতি পান। তার পরিবার থেকে বলা হয়েছে, তিনি নিউ মেক্সিকোর তাওসে নিজ বাসভবনে মারা যান। এদিকে বুশ তার এই প্রতিরক্ষামন্ত্রীকে অনুকরণীয় সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।
রামসফেল্ড ১৯৩২ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। রামসফেল্ড ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সি প্রতিরক্ষামন্ত্রী হন। তিনি সাবেক প্রেসিডেন্ট বুশের অধীনে দ্বিতীয় দফায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরাকের হাতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে—এই অজুহাতে হামলা চালানো হয় দেশটিতে। কিন্তু ইরাকে সেই অস্ত্র না পাওয়া যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রামসফেল্ড। ১৯৩২ সালে শিকাগোয় জন্ম রামসফেল্ডের।
