সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের চলচ্চিত্রগুলো কবে ও কখন দেখানো হবে, সেই সময়সূচি আজ প্রকাশ করেছে আয়োজকরা। অফিসিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় সবার আগে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে আগামী ৭ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) দেখা যাবে ‘রেহানা মরিয়ম নূর’। এটাই হবে ছবিটির পয়লা প্রদর্শনী। এতে থাকবেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। তারা এখন প্যারিসে কোয়ারেন্টিন করছেন।

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শুরুর আগে সাল দুবুসির সামনে বিছিয়ে রাখা লালগালিচায় হেঁটে সিঁড়ি বেয়ে উঠবেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা। এরপর দর্শকদের উদ্দেশে সবাই একসঙ্গে হাত নেড়ে প্রেক্ষাগৃহে ঢুকবেন।

সাল দুবুসিতে প্রদর্শনী শুরুর আগে সাদের নেতৃত্বে কলাকুশলীরা মঞ্চে উঠবেন। তাদের পেছনে বড় পর্দায় ইংরেজিতে লেখা থাকবে ‘রেহানা মরিয়ম নূর’।
কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এর মাধ্যমে ইতিহাসের পাতায় ঢুকে গেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আজমেরী হক বাঁধনসহ ছবিটির সঙ্গে সম্পৃক্ত সবাই।

আয়োজকরা জানিয়েছেন, সাল দুবুসিতে আগামী ৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) আবার ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রদর্শনী রয়েছে। একই দিন সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) কান শহরের মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় ছবিটি দেখানো হবে।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

একদিন সন্ধ্যায় একজন অধ্যাপকের কক্ষ থেকে এক ছাত্রীকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে রেহানা। এ ঘটনার পর ক্রমে একরোখা হয়ে ওঠে তার মন। ওই ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে সে। কিন্তু একই সময়ে তার ছয় বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে। অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে গিয়ে ভুক্তভোগী ছাত্রী ও নিজের মেয়ের জন্য ন্যায়বিচারের লড়াই করতে থাকে।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

জেরেমি চুয়ার প্রতিষ্ঠান পোটোকল ও বাংলাদেশের মেট্রো ভিডিওর ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের সেন্সমেকারস ও ফ্রান্সের জিরেল প্রোডাকশন। সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন রাজীব মহাজন, সায়েদুল খন্দকার সবুজ ও আদনান হাবিব। এছাড়া সহযোগী প্রযোজক ইওহান শাপেলন। ছবিটির বিশ্বব্যাপী পরিবেশনায় থাকছে জার্মানির বার্লিনের প্রতিষ্ঠান ফিল্মস বুটিক।

আঁ সার্তে রিগায় এবার রয়েছে ২০টি ছবি। এগুলো দেখে কয়েকটি পুরস্কারের জন্য বিজয়ী তালিকা নির্বাচন করবেন বিচারকরা। সাল দুবুসিতে আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) পুরস্কার বিতরণ করা হবে।
এবারের আঁ সার্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তার নেতৃত্বে বিচারকের আসনে থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান এবং মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।

‘আঁ সার্তে রিগা’র অর্থ ‘অন্য দৃষ্টিকোণ’। ১৯৭৮ সালে কান উৎসবে এটি চালু করেন জিল জ্যাকব। ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তিতে সহায়তার জন্য অনুদানসহ তরুণ প্রতিভাবান নির্মাতাদের অভিনব ও সাহসী কাজে উৎসাহ দিতে ১৯৯৮ সাল থেকে আঁ সার্তে রিগায় পুরস্কার চালু হয়। ২০০৫ সাল থেকে ৩০ হাজার ইউরোর পুরস্কার দেওয়া হচ্ছে এই বিভাগে।

‘রেহানা মরিয়ম নূর’ আগে দেখালেও আঁ সার্তে রিগা বিভাগের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা আর্থার হারারির দ্বিতীয় চলচ্চিত্র ‘ওনোদা-টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জঙ্গল’। সাল দুবুসিতে ৭ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে এর প্রথম প্রদর্শনী।
সাধারণত প্রতিবছরের মে মাসে দেখা যায় কানের জৌলুস। করোনা মহামারির কারণে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনে এবারের উৎসব শুরু হবে আগামী ৬ জুলাই।
ইত্তেফাক/জেএইচ
