জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, লকডাউনে কর্মহীন মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই। লকডাউনের কারণে যদি একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে ও একটি মানুষও না খেয়ে থাকে তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জি এম কাদের বলেন, এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরো কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে।
ড. নাজনীনকে অভিনন্দন
জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে নিযুক্ত হওয়ায় অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন জাপা চেয়ারম্যান। গতকাল এক অভিনন্দন বার্তায় জি এম কাদের বলেন, ড. নাজনীন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেওয়ায় বাংলাদেশের টেকসই উন্নয়নে জাতিসংঘের নেওয়া প্রকল্পগুলো আরো গতিশীল হবে। একজন মেধাবী অর্থনীতিবিদ হিসেবে জাতির কল্যাণে অবদান রাখতে তিনি সমর্থ হবেন বলে আশা করেন জাপা চেয়ারম্যান।
