নাছির হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):উপজেলার পিতলগঞ্জ এলাকার মেধাবী শিক্ষার্থী নাছির দেওয়ান (২২) হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকাবাসীর মধ্যে মোহাম্মদ হালিম, আলী হোসেন ভুঁইয়া, নিহত নাছির দেওয়ানের বোন ঝর্ণা দেওয়ান, শিল্পি দেওয়ান প্রমুখ। তাদের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা ও ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম। নিহত নাছির দেওয়ান পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে। তিনি ছলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ জানুয়ারি দুপুরে জমির ওয়ারিশ দাবিকে কেন্দ্র করে ফুপা ও ফুপাতো ভাইসহ তাদের লোকজন নাছির দেওয়ানকে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের পিতা জিয়ারুল দেওয়ান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন              —ইত্তেফাক