সোনারগাঁওয়ে বাকি না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় বাকি না দেওয়ায় এক মুদি ব্যবসায়ীকে বখাটেরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী তাকবির হোসেনকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার কাঁচপুরের সোনাপুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা মুদি দোকান ভাঙচুর ও পণ্যদ্রব্য বিনষ্ট করে নগদ ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়। আহত ব্যবসায়ীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে ওই ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেন, কাঁচপুর সোনাপুর এলাকার রিফাত তার দোকান থেকে দীর্ঘদিন ধরে বাকিতে পণ্যদ্রব্য নিয়ে টাকা পরিশোধ করেনি। গত শনিবার বিকেলে পুনরায় রিফাত তার দোকানে এসে ডিম বাকি চায়। রিফাতের কাছে তিনি পাওনা টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে আমিন ও মোমেন লাঠিসোঁটা, লোহার রড নিয়ে এসে তার দোকানে হামলা চালায়। তারা ব্যবসায়ী তাকবিরকে পিটিয়ে জখম করে এবং দোকান ভাঙচুর ও পণ্যসামগ্রী নষ্ট করে। এরপর তারা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।