মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৃদ্ধা মাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে তার গর্ভজাত সন্তান। উপজেলার ভাগ্যকুল এলাকায় এঘটনা ঘটে। এ বিষয়ে মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
উপজেলার মধ্য কামাগাঁও গ্রামের মৃত দুলাল বেপারীর স্ত্রী আলো বেগম (৬০) অভিযোগ করে বলেন, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বড় ছেলে জুলহাস বেপারী (৩০) তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। তিনি লিখে দিতে রাজি না হলে স্থানীয় ওয়ার্ড সদস্য মোকাজ্জল হোসেন তাকে ডেকে ছেলের সঙ্গে আপোষ করে দেবেন বলে জুলহাসের কাছে নিয়ে যায়। এসময় জুলহাসের কথায় সম্পতি লিখে দিতে রাজি না হলে জুলহাস ক্ষিপ্ত হয়ে মেম্বারের উপস্থিতিতে তাকে মারধর করে। এসময় ছেলের আঘাতে তার দাঁত ভেঙে যায়। তিনি আরও বলেন, মোকাজ্জল মেম্বার তাকে ছেলের সঙ্গে আপোষ করার জন্য চাপ দিচ্ছেন।
আলো বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, বড় ছেলে জুলহাসের সঙ্গে মেঝো ছেলে রুবেল বেপারীও (২৬) যোগ দিয়েছে। তারা আমাকে কোনোরকম দেখভাল করেনা। আমি ছোট ছেলে রবিনকে (২০) নিয়ে আলাদা খাই। রবিন দিনমজুরের কাজ করে। তার সামান্য আয়ে ও স্থানীয়দের সাহায্য-সহযোগিতায় আমার সংসার চলছে। এ বিষয়ে থানায় গিয়েও কোনো কাজ হয়নি। ছেলে জুলহাস আমাকে প্রতিনিয়তই গালাগালি ও হুমকি-ধমকি দিচ্ছে। উপায় না পেয়ে আদালতে ছেলেদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি।
ভাগ্যকুল ইউপি সদস্য মোঃ মোকাজ্জল হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আলো বেগমকে তার ছেলের সঙ্গে আপোষ করার জন্য ডেকে ছিলাম। এসময় ছেলে জুলহাস তার মাকে মারধর করে। আমার কিছু করার ছিল না। এবিষয়ে বৃদ্ধার ছেলে জুলহাস ও রুবেলকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
