আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে রুমা বেগম (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কাউছারের স্ত্রী।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন জানান, মাস দুই আগে হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামের মোহর আলীর মেয়ে রুমার সাথে পার্শ্ববর্তী মাধবদী গ্রামের মতিনের ছেলে কাউছারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। শনিবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। রবিবার বিকালে রুমার শ্বশুরবাড়ির লোকজন মেয়ের বাবার বাড়িতে খবর পাঠায় রুমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ খবর পেয়ে স্বজনরা হাসপাতালে পৌঁছার আগেই লাশ তড়িঘড়ি করে তারা বাড়িতে নিয়ে যান। এতে সন্দেহ হলে রুমার স্বজনরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রুমার শ্বশুরবাড়ি মাধবদী থেকে লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের আগে কিছু্ই বলা যাচ্ছে না।
