উপবৃত্তি প্রকল্পে বরাদ্দ বেড়েছে ১০০ কোটি টাকা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৪

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংসদকে জানিয়েছেন, ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়)’ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ১৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এই প্রকল্পের আওতায় বরাদ্দ ছিল ১৪৫০ কোটি টাকা। আগের তুলনায় বর্তমান অর্থবছরে ১০০ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, ২০১৫ সালের জুলাই থেকে এ বছরের ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়) চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় সারাদেশের প্রকল্পভুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।