ঈশ্বরদীর দুই খাদ্যগুদামে থমকে গেছে চাল সংগ্রহ!

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৮

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীর দুটি খাদ্যগুদামে সরকারের চাল সংগ্রহ অভিযান থমকে গেছে। এরই মধ্যে সরকারের সংগ্রহ মূল্য অপেক্ষা বাজার মূল্য বেড়ে যাওয়ায় সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি বোরো মৌসুমে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি গুদামে ১ মে থেকে ধান ও গম এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়। ঈশ্বরদীর এলএসডি গুদামে ৮ হাজার ৫৪০ মেট্রিক টন চাল, ১৯০ টন ধান ও ২৬০ টন গম এবং মুলাডুলি সিএসডিতে ৮ হাজার ৫৪১ টন চাল, ১৯১ টন ধান ও ২৬১ টন গম সংগ্রহের জন্য বরাদ্দ দেওয়া হয়। এবারে কেজিপ্রতি গম ২৮ টাকা, ধান ২৭ টাকা এবং চাল ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার উচ্চমূল্য নির্ধারণ করলেও বর্তমানে ধান ও চালের বাজার মূল্য বাড়তি থাকায় মিলারদের চাল সরবরাহে লোকসান হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ টি এম শহীদুল হক জানান, এবার ৩৫৪ জন অটো ও হাসকিং মিলের মিলাররা দুটি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সরকারি সংগ্রহমূল্য ভালো থাকায় প্রথম দিকে মিলার ও কৃষকরা আগ্রহ সহকারে গুদামে চাল ও ধান সরবরাহ করে। কিন্তু বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন সংগ্রহ কমে গেছে।