ইত্তেফাক রিপোর্ট
সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজধানীর মুগদাস্থ জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বিত টিম এ অভিযান চালায়। অভিযানে দুদক টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানের পেমেন্ট স্লিপ ও ব্যাংক হিসাব পরীক্ষা করে। এছাড়া মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুষঙ্গিক ফি সংক্রান্ত রেকর্ডপত্র পরীক্ষা করে। শিক্ষার্থীদের নিকট হতে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানটি প্রায় ২৩ লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক টিম।
দুদক সূত্র জানায়, এমএসএন কোর্সে ভর্তির নির্ধারিত ফি মাত্র সাত হাজার ১০০ টাকা হলেও এর বাইরে পরীক্ষার ফি চার হাজার, সেন্টার ফি সাড়ে তিন হাজার, কোর্স ফি তিন হাজার, ফিল্ড প্র্যাকটিস ফি এক হাজার, লাইব্রেরি নিরাপত্তা ফি এক হাজার ও থিসিস ফি দশ হাজার ৭০০ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। এভাবে শিক্ষার্থীদের নিকট হতে গড়ে কমপক্ষে ২৯ হাজার টাকা হিসেবে মোট প্রায় ২৩ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। প্রতিষ্ঠানের পরিচালক অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি তদন্ত কমিটি গঠনপূর্বক আগামী এক মাসের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের অঙ্গীকার করেন।
এ অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক দুদক মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, নিয়মবহির্ভূত অর্থ আদায় দুর্নীতির পর্যায়ে পড়ে। দুদক এ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করবে।
