চট্টগ্রামের র্যাব সদস্যদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে উলটে যাওয়া কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছে। চট্টগ্রাম অফিস ও প্রতিনিধির পাঠানো খবর।
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের র্যাব সদস্যদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় মো. আইনুল নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর আউটার রিং রোডের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হালিশহর আনন্দবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় আইনুল র্যাবের মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। র্যাব সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিত্সক তাকে মৃত বলে জানিয়ে দেন। আইনুল নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকার মো. আনসারের ছেলে।
নরসিংদী প্রতিনিধি : মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে অটোরিকশার চালক ও যাত্রী মিলে দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিকশাচালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাজীরচর গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে একটি রিকশা অবস্থান করছিল। এ সময় নরসিংদীগামী একটি কাভার্ড ভ্যান কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে অটোরিকশার ওপরে পড়ে। এ সময় উলটে যাওয়া কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের দল ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাধবদী থানার উপ-পরিদর্শক মো. মাহবুবুল হক রনি জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক পলাতক রয়েছে।
