যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয় খুলে ১২৯ ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০২

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞাপন দেখে সেখানে ভর্তি হওয়ার পর ফেঁসে গেছে ১২৯ জন ভারতীয়।

অন্য আট-দশটা বিশ্ববিদ্যালয়ের মতোই বিশ্ববিদ্যালয়টির ছিল ওয়েবসাইট, যেখানে ছিল বিশ্ববিদ্যালয়ের সব বর্ণনা। ছিল একটি ফেসবুক পেইজও। কাল্পনিক এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ইউনিভার্সিটি অব ফার্মিংটন। মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত কাল্পনিক এই বিশ্ববিদ্যালয়।

কাগজে কলমে আর ইন্টারনেটে এমনই একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল, অবৈধ অভিবাসীদের আকৃষ্ট করে তাদের আটক করা। নিরাপত্তা দপ্তরের কর্মকর্তারা বলছেন, অবৈধ অভিবাসীরা যে অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারে এই অভিবাসন জালিয়াতি ধরাই ছিল তাদের এই নাটকের মূল লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মোট ১৩০ জনকে বুধবার পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের মধ্যে ১২৯ জনই ভারতীয়।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। ভারতীয় কর্মকর্তারা বলছেন, এই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রতারণার শিকার হয়েছেন। গত শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে মার্কিন দূতাবাসের কাছে এই গ্রেফতারের প্রতিবাদ ও তাতে উদ্বেগ জানিয়ে  গ্রেফতারকৃতদের সাথে যোগাযোগের জন্যে অনুমতি দাবি করেছে।

শিক্ষার্থীরা কীভাবে কোথায় ভর্তি হয়েছিল এবং তাদের পরিচয় কী এসব বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার পাশাপাশি তাদের ছেড়ে দেয়ারও দাবি জানানো হয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি কৌসুলিরা বলছেন, এই বিশ্ববিদ্যালয়টির যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারা জানতেন যে এখান থেকে তারা যেসব সুবিধা নিচ্ছিলেন সেগুলো অবৈধ। গ্রেফতার ব্যক্তিরা দোষী সাব্যস্ত হলে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্র। তবে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভারতে না পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।