এক বার ব্যবহার উপযোগী প্লাস্টিক নিষিদ্ধের তাগিদ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট              

জনস্বাস্থ্য রক্ষার জন্য অবিলম্বে এক বার ব্যবহার উপযোগী প্লাস্টিক নিষিদ্ধ করার তাগিদ দিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো)। গতকাল এক ভার্চুয়াল সেশন থেকে এই তাগিদ দেওয়া হয়। ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ২০২১’ পালন করতে (এসডো), প্লাস্টিক সলিউশনস ফান্ড পিএসএফের সহযোগিতায় ‘বাংলাদেশ নেটওয়ার্ক ফর ব্যানিং সিঙ্গেল-ইউজ প্লাস্টিক’ শীর্ষক বিএফএফপি মেম্বার নেটওয়ার্ক চালু করার জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন করেছে ।

‘ব্রেক ফ্রি ফর্ম প্লাস্টিক’ গ্রুপে সদস্য বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করার জন্য এই নেটওয়ার্কটি গঠন করা হচ্ছে। বাংলাদেশে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য এবং একটি আইন গঠনের লক্ষ্যে এই নেটওয়ার্কটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, ‘সরকারের পক্ষে একা এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয়। বিকল্প সমাধানের জন্য আমাদের একসঙ্গে কাজ করা দরকার।’ ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস  উপলক্ষ্যে এসডো, বিএফএফপি এবং গায়া সম্মিলিতভাবে ‘প্লাস্টিক ফ্রি জুলাই’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে।