আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার আটঘরিয়া উপজেলায় এবার ড্রাগন ফল চাষ করে সফলতা লাভ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাহার উদ্দিন শেখ। তার দেখাদেখি ড্রাগন চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উপজেলার প্রায় অর্ধশতাধিক কৃষক।
শিক্ষক বাহার উদ্দিন জানান, টেলিভিশনে ড্রাগন চাষ নিয়ে প্রতিবেদন দেখে ২০১৭ সালে ৬৬ শতক জমিতে ড্রাগন চাষ শুরু করেন তিনি। প্রথম বছরে খুব বেশি লাভ না পেলেও পরের বছর নিজের উত্পাদিত চারা দিয়ে ১১২ শতক জমিতে ড্রাগন চাষে ব্যাপক লাভবান হন। ১১২ শতক জমি থেকে প্রতি বছর খরচ বাদে গড়ে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছেন। তিনি বলেন, এ ফল চাষে খুবই কম রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। সাধারণত জৈব সার প্রয়োগ করেই ভালো ফলন পাওয়া সম্ভব। তার কাছ থেকে চারা নিয়ে উপজেলার মাজপাড়া গ্রামের একাধিক চাষি ড্রাগন ফল চাষ করছেন।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রোখশানা কামরুন্নাহার বলেন, উপজেলায় বাহার উদ্দিন মাস্টারসহ বেশ কিছু চাষি ক্যাকটাস প্রজাতির এ ফলের চাষ শুরু করেছেন। এই ফলটি লাল, হলুদ, গোলাপিসহ বিভিন্ন রঙের হয়। ফলটি অধিক পুষ্টিগুণ সম্পন্ন। এ ফল চোখকে সুস্থ রাখে, শরীরের চর্বি কমায়, রক্তের কোলেস্টেরল কমায়, উচ্চ রক্তচাপ কমানোসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে। ঢাকার বাজারে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় বাজারেও এ ফল বিক্রি শুরু হয়েছে। ফল চাষিদের প্রশিক্ষণ এবং ছাদ বাগানের বিষয়ে উত্সাহিত করা হচ্ছে। তিনি জানান, আটঘরিয়া উপজেলায় আগামী তিন বছরে কমপক্ষে ৮-১০ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের।
