পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে সুমন প্রামাণিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী। এ ঘটনায় নিহতের স্বজনরা হামলাকারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুমন দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের বাকী প্রামাণিকের ছেলে।
জানা গেছে, আগের একটি মারামারির ঘটনা নিয়ে সুমনের সঙ্গে বিরোধ ছিল প্রতিবেশী মিঠু হোসেন নামের এক যুবকের। দুুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সুমন। বাড়িতে প্রবেশের মুখে গলিতে মোটরসাইকেল রেখে যাওয়ার সময় সুমনের সঙ্গে প্রথমে বাগিবতণ্ডা শুরু হয় মিঠু ও তার যমজ ভাই টুিটসহ তাদের সহযোগীদের। এক পর্যায়ে মারামারি শুরু হলে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্বজনরা হত্যাকারী মিঠুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পাবনা দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সন্ধ্যায় বলেন, জড়িতদের বিষয়ে তদন্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
