মাহবুব নাহিদ
আমাদের প্রিয় লালসবুজের পতাকা বিশ্বের বুকে বয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন এমন মানুষের সংখ্যা এখন কম নয়। প্রতিদিনই কেউ না কেউ আমাদের গর্বিত করছেন। বিশ্ব আসলেই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে এ যেন এক রত্নভাণ্ডার! প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড এর আগে অনেকেই পেয়েছেন। এবারও আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন বেশ কয়েক জন। তাদের মধ্য থেকেই দুজনের গল্প শুনব।
খাদিজা তুল কুবরা আহসান
বাংলাদেশের বহু মেয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হন এবং অনেকেই নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে বেড়ে উঠেছেন, খাদিজা সাম্য প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য কাজ করাকে তার জীবনের লক্ষ্য। ২০১৮ সালে তিনি ‘উইমেন ভিউ’ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সফলভাবে ৭০ জনেরও বেশি তরুণ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন এবং ভবিষ্যতের মানবাধিকার নিয়ে যারা কাজ করতে চান তাদের ক্ষমতায়নে কর্মশালা এবং প্রচারের মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে ১ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছেন। তিনি এ যাবত্ ৮ হাজার ডলারেরও বেশি অনুদান সংগ্রহ করেছেন এবং ১ হাজারেরও বেশি মানুষের কাছে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছেছেন।
তিনি ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের দ্বারা ব্যাপক ক্ষয়ক্ষতির পরে পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে একটি সহযোগী প্রকল্প চালু করেছেন, পাশাপাশি নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার প্রচারের জন্য অনলাইনে আরো বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি ২০২০ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক ইক্যুয়ালিটি অ্যাওয়ার্ডে ভূষিত হন। সামনে তাদের অনেক সময় বাকি আছে। আর হাতে রয়েছে আরো আরো অনেক কাজ। এগিয়ে যাবেন দুর্বার গতিতে আর আবারও বাংলাদেশের নাম লেখাবেন বিশ্বের কোনো মঞ্চে।
আনিকা সুবাহ আহমেদ উপমা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে তিনি বাংলাদেশের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি একজন সমাজসেবী এবং সমাজ, দেশের জন্য ভালো কিছু করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি ইউএন এসডিজি নেটওয়ার্কের একজন অ্যাম্বাসাডর এবং কান্ট্রি ডিরেক্টর। এছাড়া তিনি গ্লোবাল গুডউইল বাংলাদেশের একজন অ্যাম্বাসাডর। বাংলাদেশে তিনি ‘ইভ্যুলশন ৩৬০’ নামে সংগঠন করার জন্য তিনি বাংলাদেশ থেকে ইউএন উইমেনের চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও কাজ করেছেন। তিনি উইমেন এন্টাপ্রেনারশিপ অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত দেশের সেরা ১০ জন সাহসী নারীর মধ্যে একজন নির্বাচিত হন।
তিনি বঙ্গবন্ধু সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২০-এ ভূষিত হন। সমাজসেবামূলক কাজের জন্য তিনি ‘বিউটি অন আর্থ ২০২১’-এর ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি ‘বিউটি উইথ ব্রেন গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন। আর এবার তিনি একদম পুরো দেশকে কাঁপিয়ে দিলেন ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য ভূষিত হয়ে। এছাড়া তিনি চার বছর ধরে বিভিন্ন জায়গায় পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন স্কিলের ওপরে করপোরেট ট্রেনিং দিয়ে আসছেন।
