ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেল তৈরি ও প্রচারের জন্য কেন্দ্রীয় চার নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।
আজ সোমবার থেকে তারা কাজ করবেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের নিয়ে বৈঠক করবেন। ছাত্রদের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণ করে তা দলের সভানেত্রীর কাছে জমা দেবেন।
রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চার সদস্যের এই কমিটি গঠিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি গঠন করেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সমন্বয় কমিটির চার সদস্য হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন: ব্যালট বাক্স ছিনতাই: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
ইত্তেফাক/এমআই
