সফটওয়্যার খাতে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এডমিশন সামিট জুলাই ২০২১ আয়োজন করেছে বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজমেন্ট ( বিআইটিএম)। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সামিটের তথ্য জানানো হয়।
বিনামূল্যে অংশ নেয়ার সুযোগ রেখে সবার জন্য উন্মুক্ত এ সামিট আগামী ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে বলেও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এই অঙ্গ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি আরও জানায়, ৬দিন ব্যাপী এই অনলাইন সামিটে রয়েছে ২০ টিরও বেশি অনলাইন টেক সেশন, রয়েছে ৪ টি সেমিনার এবং বেশকিছু বিষয়ভিত্তিক অনলাইন আড্ডা। এ ছাড়াও পুরো সপ্তাহ জুড়ে রয়েছে বিআইটিএম এর সকল কোর্সের উপরে দারুণ সব ছাড়। পুরো আয়োজনটির বিস্তারিত এবং এতে অংশগ্রহণ করতে হলে চোখ রাখতে হবে বিআইটিএম এর ফেসবুক পেজে। টেক প্রশিক্ষণে আগ্রহীদের জন্য এই সামিটটি হতে পারে এক ক্যারিয়ার দিকনির্দেশক।

এই সামিটে অংশ নিয়ে তাদের মূল্যবান দিকনির্দেশনা ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরবেন বিআইটিএম এবং এর সকল সহযোগী প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও এইখাতের সফল ব্যক্তিবর্গ।
আইটি এবং সফটওয়্যার সেবা-খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ২০১২ থেকেই বেসিস এবং অঙ্গ প্রতিষ্ঠান বিআইটিএম কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে। এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষনার্থীগন এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।সামিটের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বিআইটিএম ফেসবুক পেজ থেকে।
ইত্তেফাক/আরকে
