ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ৭ বছর

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৮:৫১

ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক পারফরম্যান্স বিশ্লেষক সনাথ জয়াসুন্দরাকে সবধরণের ক্রিকেট থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি।  

সংস্থাটির দুর্নীতিবিরোধী আদালত জয়াসুন্দরার বিপক্ষে দুইটি ধারা ভঙ্গের দায়ে এ শাস্তি দিয়েছে। 

এর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ১১ মে তাকে ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তদন্ত শেষে এবার তাকে ৭ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। 

২.১.৩ ধারা অনুযায়ী তার অপরাধ, আন্তর্জাতিক ম্যাচের ফলাফল পরিবর্তন কিংবা এ ধরণের কোন উদ্দেশ্যে শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রীকে ঘুষের প্রস্তাব দেয়া। 

২.৪.৭ ধারা অনুযায়ী দুর্নীতিবিরোধী ইউনিট তার বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি তাতে বাধা দেন অথবা তদন্তে অসহযোগিতা করেন। 

ফলে তার বিরুদ্ধে এ ধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইসিসি। 

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জয়াসুন্দরার কার্যক্রমকে দুঃখজনক মন্তব্য করে জানিয়েছে, এ ধরণের শাস্তির নজির অন্যদেরকে এসব দুর্নীতি থেকে বিরত থাকতে উৎসাহিত করবে। 

ইত্তেফাক/এএএন