ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। রুপালি পর্দার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সুনাম রয়েছে গ্ল্যামার-গার্ল খ্যাত এই তারকার। বিভিন্ন সময় অনাথ শিশুদের পাশে দাঁড়ানো, অসচ্ছল শিল্পীদের নীরবে সহযোগিতা কিংবা তাদের জন্য এফডিসিতে কোরবানি দিতে দেখা গেছে পরীমণিকে। এবার তিনি পাশে দাঁড়ালেন করোনাকালে কাজের অভাবে অসহায় অবস্থায় দিন কাটানো অভিনেত্রী ভুলু বারীর।
সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে ভুলু বারীর জীবন নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মর্মস্পর্শী এই প্রতিবেদন পরীমণির নজরে এলে তিনি ভুলু বারীর সঙ্গে যোগাযোগ করেন।

গণমাধ্যমকে ভুলু বারী বলেন, পরীমণি আমাকে ফোন করেছেন। প্রথমে ভাবতেই পারিনি! আমি অবাক হয়েছি! আমার খোঁজখবর জানতে চাইলো; বললাম। এরপর দেখি আমার বিকাশে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে। বললো প্রয়োজন হলে আমি যেন ফোন দেই।
বিষয়টি জানতে চাইলে পরীমণি বলেন, এফডিসি আমার পরিবার। করোনাকালে পরিবারের লোকজনের খবর নিতেই পারি। ‘শুধু এটুকুই’।

করোনার ঊর্ধ্বমুখি সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন, চলচ্চিত্রের শুটিং বন্ধ ইত্যাদি কারণে ভীষণ অভাব-অনটনে দিন কাটাচ্ছেন অভিনেত্রী ভুলু বারী। তিনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে।
বর্তমানে তার ‘অবস্থা খুব করুণ! সিনেমার কাজ থাকলে কিছু টাকা পাওয়া যায়। কাজ না থাকলেও এফডিসিতে গেলে অনেকে সহযোগিতা করেন। এবার তো বাসা থেকেই বের হতে পারছি না। তাছাড়া এফডিসিতেও এখন কেউ নেই। খুবই খারাপ সময় যাচ্ছে। ভুলু বারী সর্বশেষ ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করেছেন। এখন বাসায় আছেন। এমন সময় তার পাশে দাঁড়ালেন পরীমণি।
ইত্তেফাক/বিএএফ
