রাণীনগরে চলমান কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর সময় পৃথক অভিযানে দুই শিক্ষককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলা সদর ও ত্রিমোহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। তিনি জানান, সরকারের বিধিনিষেধ অমান্য করে ত্রিমোহনী বাজারে শিক্ষক আওলাদ হোসেন বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায় আওলাদ হোসেন ১৫-২০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছেন। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, একই দিন উপজেলা সদরের প্রেসক্লাব মোড় সংলগ্ন স্থানে কিছু শিক্ষার্থীকে স্কুলের ব্যাগসহ আড্ডা দেওয়ার সময় চোখে পড়ে। তখন ঐ শিক্ষার্থীরা বলে, যে তারা পলাশ স্যারের কাছে প্রাইভেট পড়ে বাসায় ফিরছে। পরে ঐ স্থানে গিয়ে দেখা যায়, টিনের একটি কক্ষে রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পলাশ হোসেন ১৫-২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছেন। সরকারের নির্দেশনা অমান্য করায় শিক্ষক পলাশ হোসেনকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
