সাতক্ষীরায় অক্সিজেন সংকটে সাত জনের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত সম্পন্ন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৬

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে সাত জন করোনা রোগীর মৃত্যুর ঘটনার বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি রবিবার সামেক হাসপাতালে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন।

টিমের প্রধান খুলনা মেডিক্যাল সাবডিপোর সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজী ও সদস্য মোংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তারা এ সময় হাসপাতালের অক্সিজেনের সংকটের বিষয়ে খোঁজখবর নেন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এদিকে, গত বৃহস্পতিবার সাতক্ষীরার সিভিল সার্জন কর্তৃক ঐ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরো সাত দিনের সময় চেয়ে আবেদন করেছে। তদন্ত টিমের প্রধান সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, সেন্ট্রাল অক্সিজেনের ফ্লো কমে যাওয়ায় কয়েক জন রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার ও শনিবার থাকায় এবং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুষঙ্গিক কারণে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যে কারণে আরো সাত দিন সময় চাওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি রবিবার থেকে সরেজমিনে সামেক হাসপাতালে এসে তদন্ত করেছেন। তারা হাসপাতালে সেদিন দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ও লিখিত বক্তব্য গ্রহণ করেছেন। তদন্ত কমিটির অনুসন্ধানে এই মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।