ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্য সহ ৭ জন শনাক্ত হয়েছেন করোনা পজিটিভ। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র ২ দিন আগে পুরো ইংল্যান্ড দলকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডে শেষে ব্রিস্টলে নিয়মিত পিসিআর টেস্ট করানো হয় ইংল্যান্ড দলের সদস্যদের। সেখানেই ৩ ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের ৪ জন সদস্যের পজিটিভ শনাক্ত হয়।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে যারা এসেছে তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিকল্প দল ঘোষণা করেছে ইসিবি। দলে না থাকা অলরাউন্ডার বেন স্টোকস ফিরছেন। দলকে নেতৃত্ব দেবেন তিনি। ইসিবি জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে সিরিজটি।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটিতে থাকা ইংলিশ দলের কোচ ক্রিস সিলভারউডকে আবারো ফিরতে হচ্ছে। কারণ সহকারী কোচ গ্রাহাম থর্প ও পল কলিংউডকেও থাকতে হচ্ছে আইসোলেশনে।
ইসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, যারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তাদের বেশিরভাগেরই উপসর্গ নেই। ২-১ জন কিছুটা অসুস্থ হলেও, সেটি গুরুতর নয়।
যেহেতু ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তার মানে হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না আক্রান্ত কারোই।
বৃহস্পতিবার কার্ডিফে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের ১ম ওয়ানডে।
ইত্তেফাক/এএএন
