বরিশালে এক দিনে সর্বোচ্চ ৪৫৯ শনাক্ত ১২ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:১৩

বরিশাল বিভাগে গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড সংখ্যক ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের হার ৫২ দশমিক ৫২। বিভাগের মোট আক্রান্ত ১৯ হাজার ৫৩২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৪ জন। এছাড়া বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৬ জনের। আর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৫৬১ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়াদের মধ্যে ২৯ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ সোমবারের রাতের রিপোর্টে শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। ১৮৮টি নমুনার মধ্যে এ ল্যাবে ১৩৯ জনের পজিটিভ আসে। এই শনাক্তের হার ও করোনা ওয়ার্ডের রোগী ভর্তি যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।