কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথমবার বাংলাদেশের নাম যুক্ত করেছেন। ইতিহাস গড়েছেন। আঁ সার্তে রিগায় জায়গা করে নিয়েছে তার দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’। কিন্তু এত বড় অর্জনের পরও নিজেকে ক্যামেরার আলো থেকে সরিয়ে রেখেছেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। অবশেষে আড়াল ভাঙছেন আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যাওয়া এই তরুণ নির্মাতা।
ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে আজ বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। প্রদর্শনী শুরুর ১৫ মিনিট আগে হাজির হবেন সাদ। তার সঙ্গে থাকবেন আজমেরী হক বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার এবং কালারিস্ট চিন্ময় রয়। সবাই আলোকচিত্রীদের সামনে দাঁড়াবেন। ছবির প্রদর্শনী শেষে আবার আলোকচিত্রীদের সামনে ফিরবেন তারা।
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আজ হতে যাচ্ছে দারুণ একটি দিন। ইতিহাস রচনার দিন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সংবাদকর্মীরা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ দেখবেন। আজ থেকেই হয়তো ছবিটির পর্যালোচনা আসতে থাকবে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ফ্রান্সের প্যারিসে ১০ দিনের কোয়ারেন্টিন শেষে গতকাল কানসৈকতে এসেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা। উৎসবের আয়োজকরা জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে সাদ ও বাঁধনের থাকার ব্যবস্থা করেছেন। বাকিরা উঠেছেন আলাদা একটি অ্যাপার্টমেন্টে।
আয়োজকরা জানিয়েছেন, সাল দুবুসিতে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) ‘রেহানা মরিয়ম নূর’-এর আরেকটি প্রদর্শনী রয়েছে। এরপর সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) কান শহরের মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরা’য় ছবিটি দেখানো হবে।
১ ঘণ্টা ৪৭ মিনিটের ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প।

‘রেহানা মরিয়ম নূর’ আগে দেখালেও আঁ সার্তে রিগা বিভাগের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা আর্থার হারারির ‘ওনোদা-টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জঙ্গল’। সাল দুবুসিতে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কানে এবার আঁ সার্তে রিগা বিভাগে আছে ২০টি ছবি। বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তার নেতৃত্বে বিচারকের আসনে থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান এবং মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো। সাল দুবুসিতে আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) পুরস্কার বিতরণ করা হবে।
‘আঁ সার্তে রিগা’র অর্থ ‘অন্য দৃষ্টিকোণ’। ১৯৭৮ সালে কান উৎসবে এটি চালু করেন জিল জ্যাকব। ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তিতে সহায়তার জন্য অনুদানসহ তরুণ প্রতিভাবান নির্মাতাদের অভিনব ও সাহসী কাজে উৎসাহ দিতে ১৯৯৮ সাল থেকে আঁ সার্তে রিগায় পুরস্কার চালু হয়। ২০০৫ সাল থেকে ৩০ হাজার ইউরোর পুরস্কার দেওয়া হচ্ছে এই বিভাগে।
ইত্তেফাক/জেএইচ
