রে জা উ ল ক রি ম খো ক ন
একটি দুটি নয়, তিন-তিনটি নতুন ছবি নিয়ে অপেক্ষা করছেন বাণী কাপুর। ভয়াবহ এই করোনা মহামারির দুঃসময়ের মধ্যেও অনেক বাধা-বিপত্তি, প্রতিকূলতা, নিষেধাজ্ঞার মধ্যে তার অভিনীত তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে প্রথমটি হলো ‘বেলবটম’। এ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাণী। ১৯৮০ দশকের পটভূমিকায় স্পাই থ্রিলার ধাঁচের এ ছবির শুটিং গত বছর করোনা মহামারির মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে সম্পন্ন হয়। অনেক ঝুঁকি নিয়ে ‘বেলবটম’ ছবির শুটিং করেছিলেন বাণী কাপুরসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। গত মার্চ-এপ্রিলেই ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ‘বেলবটম’ সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। মাঝখানে শোনা গিয়েছিল, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবি-সংশ্লিষ্ট সবাই বিগবাজেটে নির্মিত বড় আয়োজনের ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে অনড় থাকায় পিছিয়ে যায় সবকিছুই। এখন ভারতে করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি হওয়ায় চলতি মাসের শেষ দিকে সিনেমা হলেই ‘বেলবটম’ ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে ছবিটির অন্যতম প্রধান তারকা বাণী কাপুর তার নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সিনেমা হলে কোনো ছবি মুক্তি পাওয়া আর ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়া কোনোভাবেই এক হতে পারে না। দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার ‘বেলবটম’ ছবিটি সিনেমা হলে দেখার জন্য তৈরি হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখে দর্শক কোনো মজাই পাবে না। আমি মনেপ্রাণে চাই ছবিটি দর্শক সিনেমা হলে গিয়ে দেখুক। অনুকূল সময়ের জন্য প্রয়োজনে আরো কিছুদিন অপেক্ষা করা যেতে পারে। তবুও আমি চাইব, সিনেমা হলেই মুক্তি পাক শেষ পর্যন্ত ছবিটি।’
বাণী কাপুর অভিনীত আরেকটি নতুন ছবি ‘চন্ডিগড় করে আশিকী’র শুটিংসহ অন্যান্য কাজ সম্পন্ন করে এখন মুক্তির মিছিলে রয়েছে। এ ছবিতে বলিউডের বহু হিট-সুপারহিট ছবির সফল তারকা আয়ুশ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সুন্দরী এই অভিনেত্রী। রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিটিও মুক্তি পাবে শিগগিরই। ৩২ বছর বয়সী তন্বী এই অভিনেত্রীর আরেকটি উল্লেখযোগ্য ছবি ‘শমসেরা’ও মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে বেশ কিছুদিন থেকে। পিরিয়ড অ্যাকশন ড্রামা ধাঁচের এ ছবিতে তার বিপরীতে আছেন বলিউডের আরো একজন প্রিয় তারকা অভিনেতা রণবীর কাপুর। করোনা মহামারির তান্ডব শুরু হওয়ায় ‘শমসেরা’ ছবির কাজ মাঝখানে থেমে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সব কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরেই বাণী কাপুরের নতুন এ ছবিটি দর্শকদের সামনে আসবে।
২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় নায়িকা হিসেবে অভিষিক্ত হওয়ার পর বলিউডে তার ৭-৮ বছর সময় পেরিয়ে গেছে। মাঝখানে একটি তামিল ছবিতে অভিনয়ের জন্য দক্ষিণী চিত্রলোকে পা রেখেছিলেন তিনি। তবে সেখানে নিজের ক্যারিয়অরকে বিস্তৃত না করে বলিউডেই থিতু হয়ে চেয়েছেন বাণী। ২০১৬ সালে মুক্তি পায় তার ‘বেফিকরে’ ছবিটি। ২০১৯ সালে অ্যাকশন থ্রিলার ‘ওয়ান’ ছবিতে হূত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের সুবাদে নতুন করে আলোচনায় আসেন বাণী কাপুর। দিল্লি শহরের মেয়েটি ‘ওয়ার’ ছবিতে তার চমত্কার পারফর্মেন্স ও পর্দা উপস্থিতির মাধ্যমে দর্শক হূদয়ে ঝড় তুলেছেন। এখন তার মোটামুটি বেশ ভালো ভক্ত-দর্শক বলয় সৃষ্টি হয়েছে। অনেকেই বাণীর নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন অধীরভাবে। চলতি সময়ে একসঙ্গে তিনটি নতুন ছবি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাওয়ায় অভিনেত্রী বাণীর জন্য এক ধরনের উত্তেজনা টেনশন ও শিহরণ সৃষ্টি করেছে। ‘বেলবটম’, ‘চন্ডিগড় করে আশিকী’ এবং ‘শমসেরা’— তার তিনটি ছবিই নানাভাবে উল্লেখযোগ্য এবং প্রতিটিতেই ভিন্ন ভিন্ন আঙ্গিকের ইমেজে পর্দায় দেখা যাবে তাকে।
