মেক্সিকো সীমান্তে আরও সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

মেক্সিকো সীমান্তে আরও তিন হাজার ৭৫০ জন সৈন্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। রবিবার পেন্টাগন সূত্রে এ খবর জানা যায়। এর মধ্য দিয়ে দায়িত্বরত সেনার সংখ্যা প্রায় চার হাজার ৩৫০ জনে দাঁড়াবে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ৯০ দিনের জন্য অতিরিক্ত এ সেনা ইউনিট স্থাপন করা হচ্ছে। তারা দক্ষিণ সীমান্ত রক্ষা এবং নিরাপদ করার লক্ষ্যে প্রয়োজনীয় বাহিনীর সমন্বয় ও মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে। বর্তমানে সীমান্তে প্রায় দুই হাজার ৪০০ সেনা সক্রিয় অবস্থায় দায়িত্ব পালন করছে। কিন্তু এর মধ্যে সেনাদের একটি বড় দল বাড়িতে যাচ্ছে। তাই এর স্থলে নতুন সেনাদের মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের একটি আংশিক শাটডাউন প্রতিরোধে কংগ্রেসের একটি কমিটি সীমান্ত তহবিল নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর অবস্থায় মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের এমন ঘোষণা আসে।

এরই মধ্যে সীমান্তে দেয়াল নির্মাণ করতে তহবিল গঠন না হলে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সীমান্তে দেয়াল নির্মাণে তহবিলের জন্য একটি চুক্তির অভাবে যুক্তরাষ্ট্রে ৩৫দিনের জন্য অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। মধ্য আমেরিকা থেকে ক্যারাভানে করে আশ্রয় প্রার্থীরা যুক্তরাষ্ট্র সীমান্তে আসলে ২০১৮ সালের অক্টোবরে এ সেনা মোতায়েনের ঘোষণা দেন ট্রাম্প।

পেন্টাগন আরও জানায়, তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি প্রবেশপথগুলোতে অ্যালার্ম তার বসানো হয়েছে। এছাড়া সীমান্তে নতুন বাহিনীকে তারের বাধা অপসারণ করতে, মোবাইলে নজরদারি বাড়াতে এবং সীমান্ত এলাকা পর্যবেক্ষণ বাড়াতে নতুন প্রযুক্তিও দেওয়া হয়েছে।