কোরবানি সামনে রেখে বছরের শুরু থেকেই পশু ব্যবসায়ীরা পশু পালন করতে থাকেন। কোরবানি মানে কোরবানির জন্য পশু ক্রয়-বিক্রয় আর ব্যবসায়ীদের মুখে হাসি। অথচ মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছরের চিত্রটা যেন পুরোপুরি উলটো। যেখানে পশু বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের মধ্যে উদ্দীপনা থাকার কথা, সেখানে এখন অনিশ্চয়তার ছাপ! কারণ একদিকে করোনার সংক্রমণের ভয়, অন্যদিকে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন। পশু বিক্রয় নিয়ে সবাই অনিশ্চিত। কীভাবে বিক্রি করবে পশু? সবাই সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন যে, সরকার তাদের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। যাতে করে তারা তাদের পশু বিক্রয় করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং এই মহামারির প্রকোপের মধ্যেও দেশের অর্থনীতিতে কিছুটা হলেও সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। এখন দেখার বিষয়, সরকার তাদের জন্য কতটুকু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে? তাদের জন্য সেটা কতটুকু কার্যকরী হবে, সেটা নিয়েও ভাবনার বিষয়। স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ব্যবস্থাপনায় যাতে কোরবানির পশুর হাট বসানো যায়, সেদিকে এখন মনোযোগী হতে হবে।
মো. রায়হান, ঢাকা
